যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, তিন শিশুসহ ৪ জন নিহত

সংগৃহীত ছবি
একাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানিয়েছে, হামলাকারী ছিল ১৬ বছর বয়সী এক কিশোর।
এর আগে এক সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, হামলায় শিশুসহ একাধিক ব্যক্তি হতাহত হয়েছেন। তবে তখন নির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি।
হামলাকারীকে কে গুলি করে হত্যা করেছেন, তা এখনো জানা যায়নি। তবে ওই ব্যক্তি ঘটনাস্থলে উপস্থিত কোনো সাধারণ মানুষ হতে পারেন বলে জানিয়েছেন বেন্ড পুলিশ বিভাগের মুখপাত্র শিলা মিলার।
পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রথম ৯১১ জরুরি ফোনকলে জানানো হয়েছিল, এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি একটি গাড়িতে গুলি চালিয়েছেন। এর কিছুক্ষণ পরই একাধিক ফোনকলে জানানো হয়, একজন বিদ্যালয়ে ঢুকে গুলি চালাচ্ছেন।
সিলভার রেইল এলিমেন্টারি স্কুলে নিরাপত্তাজনিত কারণে অবরুদ্ধ অবস্থা জারি করা হয়। শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের সঙ্গে পুনর্মিলনের জন্য একটি নির্দিষ্ট স্থানও নির্ধারণ করে দেয় বেন্ড পুলিশ বিভাগ।
এফবিআইয়ের পরিচালক কাশ প্যাটেল জানিয়েছেন, সংস্থাটির সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন এবং চলমান তদন্তে সহায়তা করছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেন, তদন্তের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে।
সিএনএনের বিশ্লেষণ অনুযায়ী, গান ভায়োলেন্স আর্কাইভ, এডুকেশন উইক ও এভরিটাউন ফর গান সেফটির প্রকাশিত তথ্যের ভিত্তিতে চলতি বছর এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে অন্তত ৫২টি স্কুলে গুলির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত ২৮ জন নিহত এবং আরও ৪৮ জন আহত হয়েছেন।
