যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, তিন শিশুসহ ৪ জন নিহত

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, তিন শিশুসহ ৪ জন নিহত

সংগৃহীত ছবি

 

যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের বেন্ড শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় তিন শিশু ও এক প্রাপ্তবয়স্ক নিহত হয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্রের প্রাথমিক তথ্যের বরাতে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যমগুলো।

একাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানিয়েছে, হামলাকারী ছিল ১৬ বছর বয়সী এক কিশোর।

পুলিশ জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার বেলা প্রায় ১টার দিকে কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বিদ্যালয়ের ভেতরে গুলিবিদ্ধ হয়ে হামলাকারীর মৃত্যু হয়েছিল।

এর আগে এক সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, হামলায় শিশুসহ একাধিক ব্যক্তি হতাহত হয়েছেন। তবে তখন নির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি।

হামলাকারীকে কে গুলি করে হত্যা করেছেন, তা এখনো জানা যায়নি। তবে ওই ব্যক্তি ঘটনাস্থলে উপস্থিত কোনো সাধারণ মানুষ হতে পারেন বলে জানিয়েছেন বেন্ড পুলিশ বিভাগের মুখপাত্র শিলা মিলার।

পুলিশ জানিয়েছে, অন্তত দুজনকে চিকিৎসাকর্মীরা হাসপাতালে নিয়ে গেছেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রথম ৯১১ জরুরি ফোনকলে জানানো হয়েছিল, এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি একটি গাড়িতে গুলি চালিয়েছেন। এর কিছুক্ষণ পরই একাধিক ফোনকলে জানানো হয়, একজন বিদ্যালয়ে ঢুকে গুলি চালাচ্ছেন।

সিলভার রেইল এলিমেন্টারি স্কুলে নিরাপত্তাজনিত কারণে অবরুদ্ধ অবস্থা জারি করা হয়। শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের সঙ্গে পুনর্মিলনের জন্য একটি নির্দিষ্ট স্থানও নির্ধারণ করে দেয় বেন্ড পুলিশ বিভাগ।

এফবিআইয়ের পরিচালক কাশ প্যাটেল জানিয়েছেন, সংস্থাটির সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন এবং চলমান তদন্তে সহায়তা করছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেন, তদন্তের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে।

সিএনএনের বিশ্লেষণ অনুযায়ী, গান ভায়োলেন্স আর্কাইভ, এডুকেশন উইক ও এভরিটাউন ফর গান সেফটির প্রকাশিত তথ্যের ভিত্তিতে চলতি বছর এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে অন্তত ৫২টি স্কুলে গুলির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত ২৮ জন নিহত এবং আরও ৪৮ জন আহত হয়েছেন।

তথ্য অনুযায়ী, সিলভার রেইল এলিমেন্টারি স্কুলের ঘটনাটি চলতি বছরে যুক্তরাষ্ট্রের কিন্ডারগার্টেন থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাঙ্গণে ৩৬তম গুলির ঘটনা।

দেশ টাইমস প্রতিবেদন

স্বাগতম The Desh Times আপনাদের বিশ্বস্ত খবরের ঠিকানা। আমরা সত্যকে গুরুত্ব দিই, গুজবকে নয়। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর, আমাদের মূল লক্ষ্য—নিরপেক্ষ সাংবাদিকতা এবং দর্শকদের জন্য তথ্যপ্রাপ্তির স্বাধীনতা। আপনার বিশ্বাসই আমাদের প্রেরণা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *